কুমিল্লায় ১৪ কেজি গাঁ/জা/সহ প্রাইভেটকার জব্দ, মা’দ’ক কারবারি গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার, ২৯ জুলাই ২০২৬, সকাল ৬টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) ডিএমএ মজিদের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল উত্তর বাজারের হাজী আলী আহাম্মেদ মার্কেটের সামনে কুমিল্লা থেকে মিরপুরগামী সড়কে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়।

তল্লাশিকালে প্রাইভেটকার থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. নাছির উদ্দিন (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর (মোল্লা বাড়ি) এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ী থানাধীন উত্তর সায়েদাবাদ এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত প্রাইভেটকারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।