ডিমলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার

নীলফামারীর ডিমলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডিমলা-ডোমার) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন লেবু, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওয়াহিদুজ্জামান বাবুল, জেলা সেক্রেটারি মাওলানা আনতাজুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়ন আমিরসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে বক্তারা বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় সমস্যা, অনিয়ম-দুর্নীতি ও উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “মাদক, বাল্যবিবাহ এবং অবৈধ পাথর ও বালু উত্তোলনের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এসব অপরাধের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে হবে।” এসব অপরাধ প্রতিরোধে এবং জনসচেতনতা তৈরিতে তিনি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও যোগ করেন, এলাকার মানুষের কল্যাণ ও টেকসই উন্নয়নের জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক এবং সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমাজের অসংগতির পাশাপাশি ইতিবাচক উন্নয়ন মূলক কাজগুলোও গণমাধ্যমে উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদকের বিস্তার রোধ, নদী ও জলাশয় থেকে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ, জনদুর্ভোগ নিরসন এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিশেষে, বক্তারা সাংবাদিকদের স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং ডিমলার উন্নয়ন ও জনস্বার্থে ভবিষ্যতেও সাংবাদিকদের সাথে সমন্বয় রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।