ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন ঢাক-ঢোল, করতাল ও হরিনাম কীর্তনে মুখর পৌরশহর

 

দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পৌর এলাকার শ্রী শ্রী শিবমন্দির থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

ঢাক-ঢোল, করতাল ও হরিনাম কীর্তনের সঙ্গে শ্রীকৃষ্ণ ও রাধার বাল্যলীলার বিভিন্ন সাজে সজ্জিত ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে। এতে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।

শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিবমন্দিরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম, যুগ্ম আহ্বায়ক মানিক মণ্ডল ও সদস্য মাহাবুব আলম মিলন।

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রতন চক্রবর্তী, সদস্য ও সাবেক সহকারী অধ্যাপক ধীরেন্দ্রনাথ সরকার, সদস্য শম্ভু প্রসাদ গুপ্ত, সদস্য অন্তর কুমার মহন্ত এবং পৌর কমিটির সদস্য সচিব পাপন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক এবং বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন।

আয়োজকরা বলেন, ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় হয়। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

দিনব্যাপী কর্মসূচিকে ঘিরে ফুলবাড়ী পৌরশহর ও শ্রী শ্রী শিবমন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।