“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

রওশন কবির, সহকারী কমিশনার (ভূমি)

কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা কৃষি কর্মকর্তা

মামুনুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা

অধ্যাপক রইসূল আলম চৌধুরী, উপদেষ্টা, জেলা বিএনপি

অধ্যক্ষ মানোয়ার হোসেন, সদস্য, জেলা বিএনপি

গোলাম রব্বানী প্রধান, সদস্য, জেলা বিএনপি

অধ্যাপক মুজিবুর রহমান, আমির, উপজেলা জামায়াত

সওকত আলী সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিমলা থানা

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা জলাশয়ের সঠিক ব্যবহার, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াতে তরুণ উদ্যোক্তাদের এই খাতে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ডিমলা উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মোঃ আসাদুজ্জামান, দুলাল হোসেন ও রাব্বানীকে পুরস্কৃত করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় মৎস্য চাষীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।