নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পানিতে ডুবে খালা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়াতলী (তুহিন বাজার) স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— নাউতারা ইউনিয়নের স্লুইসগেট এলাকার আবুল হোসেনের মেয়ে মোছা: পাখি আক্তার (১২) এবং নাউতারা নিজপাড়া (ঝাঁকুয়াটারী) এলাকার মো: সেলিমুর রহমানের মেয়ে মোছা: সিনহা (৪)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশু সিনহা ক্যানেলের স্রোতে পড়ে যায়। তাকে বাঁচাতে খালা পাখি আক্তার দ্রুত পানিতে নামলে সে-ও তলিয়ে যায়। এ সময় ক্যানেলের পাড়ে থাকা অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ক্যানেলে তল্লাশি চালান। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন, “কয়েক বছর আগেও একই স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছিল। জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন করে দুর্ঘটনা রোধে সেখানে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।” ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।