ডিমলা থানার জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুস সাত্তার। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি থানা প্রাঙ্গণ ও ভবনসমূহ পরিদর্শনে যান।
উল্লেখ্য, গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ডিউটি অফিসারের কক্ষের ছাদের একাংশের পলেস্তারা হঠাৎ খসে পড়ে। এতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. মসলিম উদ্দিন কাঁধে আঘাত পান। তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একই ঘটনায় ডিউটি কক্ষে থাকা একটি ডেস্কটপ কম্পিউটার সম্পূর্ণ অকেজো হয়ে যায়।
পরিদর্শন শেষে অধ্যক্ষ আবদুস সাত্তার বলেন, “ডিমলা থানার অবকাঠামোগত জরাজীর্ণ পরিস্থিতি আমি নিজে সরেজমিনে দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সম্প্রতি একজন সদস্য আহত হওয়ার ঘটনাটি নিঃসন্দেহে উদ্বেগের।”
তিনি আরও জানান, “বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দ্রুত আলোচনা করা হবে। জরুরি সংস্কারের পাশাপাশি একটি নতুন থানা ভবন নির্মাণের বিষয়টি অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলব।”