দিনাজপুরের পার্বতীপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় চাপা পড়ে ফেরদৌস (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া পলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিজের নির্মাণাধীন বাড়ির কাজের জন্য ড্রাম ট্রাকে করে বালু নিয়ে বাড়ির কাছে আসেন ফেরদৌস। এ সময় ট্রাকের একটি চাকা মাটিতে আটকে যায়। পরে তিনি গাড়ি থেকে নেমে চাকার নিচে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন।
হঠাৎ বালুবাহী ট্রাকটি নড়ে গিয়ে তার ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন ফেরদৌস। স্থানীয়রা দ্রুত বালু সরিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফেরদৌস পলিপাড়ার প্রয়াত আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনায় ব্যবহৃত ড্রাম ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৩-৬৭৫৫।
এদিকে ফেরদৌসের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।