কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​“মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধই সমাধান—একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

​মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন সরকার, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

​এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, “মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।” বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথবাক্য পাঠ করান।

​বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বরদাশত করা হবে না এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তারা।

​মানববন্ধনে অংশ নেওয়া সোনাহাট ইউনিয়নের যুবসমাজের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলা হয়, “মাদকের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনো সময়, যেকোনো স্থানে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে আমাদের টিম মাঠে থাকবে।”

​তারা আরও জানায়, সোনাহাট ইউনিয়নকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এ সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক আন্দোলন ও নজরদারি অব্যাহত থাকবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে তারা এলাকার সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।