চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীসহ ইমনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৪টায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের উদ্দেশ্যে যাওয়ার সময় যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও যশোর কোতোয়ালি থানার সমন্বয়ে গঠিত ৯ সদস্যের একটি বিশেষ দল।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় নজরদারি ও চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডেভিড ইমন চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি থানার সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রামের আলোচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে তার তিন সহযোগীসহ আটক করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন দীর্ঘদিন ধরে কুখ্যাত সাজ্জাদ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। চট্টগ্রামের একাধিক আলোচিত হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অস্ত্র প্রদর্শনের ঘটনায় তার নাম বিভিন্ন সময় আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে তার একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপকভাবে আলোচিত হন।

সংশ্লিষ্টদের মতে, ডেভিড ইমনের গ্রেপ্তারের মাধ্যমে চট্টগ্রামের সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে চলমান আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নতুন গতি আসবে।