দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রসুলপুর (সুলতানপর) মোড় সংলগ্ন খয়েরপুকুর সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সরকারি ড্রেন নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বছরের পর বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশের ব্যক্তি মালিকানাধীন জমি ও স্থাপনা রাস্তার চেয়ে উঁচু হওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারে না। পাশাপাশি ড্রেনের পানি বের হওয়ার পথও বাধাগ্রস্ত থাকায় অল্প বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। দীর্ঘসময় পানি আটকে থাকায় সড়কের পিচ উঠে যাচ্ছে এবং বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে যেমন দুর্ভোগ বাড়ছে, তেমনি ছোট যানবাহন চলাচলেও প্রায়ই বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর উদ্যোগ নেয়। তবে পাইপ স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা দিতে কয়েকজন ব্যক্তি মালিকানাধীন জমির মালিক সম্মতি না দেওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে সরকারি ড্রেন থাকলেও সেটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, ব্যক্তি স্বার্থের চেয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও জমির মালিকদের সমন্বয়ে দ্রুত স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক। তাদের মতে, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা গেলে জলাবদ্ধতা দূর হবে, সড়কের ক্ষয়ক্ষতি কমবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে।