ডিমলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

 

ডিমলা (নীলফামারী): নীলফামারীর ডিমলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

রওশন কবির, সহকারী কমিশনার (ভূমি), ডিমলা

মীর হাসান আল বান্না, উপজেলা কৃষি কর্মকর্তা

অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা

কাজী রোকনুজ্জামান বকুল, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন সভায় অংশ নেন।

সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ সফলভাবে উদযাপনের লক্ষ্যে গৃহীত নানা কর্মসূচি বাস্তবায়ন, সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় এবং আন্তঃদপ্তর সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ দিবসটি সুষ্ঠু, সুন্দর ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।” এ সময় তারা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।