রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন পার্বতীপুরের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম

 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দরিখার গ্রামের বাসিন্দা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন বাদ আসর দরিখার গ্রামস্থ পারিবারিক মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে এবং পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ।