কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; বুড়িচংয়ে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড

মোঃ শাহজাহান বাশার

নিজস্ব প্রতিবেদক, বুড়িচং (কুমিল্লা): কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।

শনিবার (রাত) উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার আল হেলাল কোল্ড স্টোরেজে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, কোল্ড স্টোরেজের ভেতরে কয়েকজন যুবক ইয়াবা সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং ৫১ পিস ইয়াবাসহ পাঁচ যুবককে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ময়নামতি ইউনিয়নের শরিফপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রাকিব (২৮), সমেশপুর এলাকার শহীদ মিয়ার ছেলে মো. শাহিন (২৯), জালালপুর এলাকার মফিজুল ইসলামের ছেলে সৈকত আহমদ ইমন (২৫), শরিফপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে মেহেদী হাসান শান্ত (২৭) এবং জালালপুর এলাকার মো. মানিকের ছেলে মো. সোহেল রানা (২৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা সেবনের আলামত এবং ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

বুড়িচং থানা পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তদের রোববার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।