সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

সিলেটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি গানের রিল ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর একদিকে যেমন অশ্লীলতা ও আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগ তুলে সমালোচনা করা হয়েছে, অন্যদিকে শিক্ষক, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ওই শিক্ষিকার পক্ষে অবস্থান নিয়ে মত প্রকাশ করেছেন।

জানা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পাল গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে শাড়ি পরিহিত অবস্থায় হেঁটে যাচ্ছেন তিনি। ভিডিওটিতে ব্যবহার করা হয়, “আজ কেন মন উদাসী হয়ে, দূর অজানায় চায় হারাতে” গানটি।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। একটি পক্ষ ভিডিওটিকে অশ্লীল ও আপত্তিকর উল্লেখ করে সমালোচনা করে। সচেতন মহল পরিচয়ে কিছু ব্যক্তি এবং কয়েকজন কথিত সাংবাদিক বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে সমালোচনামূলক মন্তব্য করেন।

তবে এর বিপরীতে শিক্ষিকা বিউটি পালের পক্ষে অবস্থান নেন শিক্ষক, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের একটি বড় অংশ। তারা বলেন, একজন শিক্ষকও একজন সাধারণ মানুষ। তারও ব্যক্তিগত জীবন, অনুভূতি ও আনন্দ প্রকাশের অধিকার রয়েছে।

শিশু সাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী তার প্রতিক্রিয়ায় লেখেন, “একজন শিক্ষকও রক্ত মাংসের মানুষ। তারও আনন্দ উদযাপন করার অধিকার আছে, তেমনি কষ্টে মন খারাপ হওয়ার অধিকারও তার রয়েছে। শিক্ষক মানেই কোনো নিরাসক্ত যন্ত্র নন। সমাজ ও পরিস্থিতির প্রভাবে তার মনেও নানা অনুভূতির জন্ম হয়।”

তিনি আরও লেখেন, “যা অশ্লীল, তা শুধু শিক্ষকের ক্ষেত্রে নয়, সাধারণ মানুষের ক্ষেত্রেও অশ্লীল। একইভাবে, যা শ্লীল, মার্জিত ও সুন্দর তা নির্দিষ্ট কোনো পেশার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং সবার জন্যই প্রযোজ্য। শিক্ষক সমাজের পথপ্রদর্শক হলেও দিনশেষে তিনিও সমাজেরই একজন মানুষ।”

সাংবাদিক ঝর্না মনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “বিউটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। ছোটবেলায় ওরা মাকে হারিয়েছে। আমরা একসঙ্গে বড় হয়েছি। আমাদের বাড়ির পুকুরে একসঙ্গে সাঁতার কাটতাম। সন্ধ্যায় ওদের অঙ্ক শেখাতাম। চুল বেনি করে দিতাম। একসঙ্গে গান গাইতাম, ধামাইল নাচ করতাম।”

তিনি আরও উল্লেখ করেন, “আমাদের স্কুলের প্রতিটি অনুষ্ঠান, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি কিংবা অন্যান্য জাতীয় আয়োজনে নাচ, গান, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা ছিল নিয়মিত আয়োজন।”

শিক্ষক দীপা মন্ডল লেখেন, “শিক্ষকদের নাকি নাচ, গান ও অভিনয়ে পারদর্শী হতে হয়। তবে আজ কেন এত কথা? শিক্ষার্থীদের পাঠে আগ্রহী করতে, একঘেয়েমি দূর করতে একজন শিক্ষককে নানাভাবে উপস্থাপন করতে হয়। তাহলে সেই শিক্ষকের নিজের কোনো আনন্দ থাকবে না? একজন সম্মানিত শিক্ষক শাড়ি পরিহিত অবস্থায় কীভাবে অশ্লীলতা প্রকাশ করতে পারেন? তিনি তো শালীন পোশাকেই ছিলেন।”

অন্যদিকে শিক্ষক তন্দ্রা তনু লেখেন, “কেউ কেউ এখনো মনে করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানেই ছেঁড়াফাটা কাপড়, ক্লান্ত মুখ আর অভাবের প্রতীক। তাই যখন কোনো শিক্ষক বা শিক্ষিকা পরিচ্ছন্ন পোশাকে, হাসিমুখে ও আত্মবিশ্বাস নিয়ে সামনে আসেন, তখন তা অনেকের সহ্য হয় না। মনে হয়, শিক্ষক হাসবে কেন, ভালো থাকবে কেন? কিন্তু সময় বদলেছে।”

বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকা বিউটি পাল গণমাধ্যম কালবেলাকে বলেন, “এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মানুষের ব্যক্তিগত জীবন থাকতে পারে না? একজন শিক্ষক যখন একটি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন, তখন নিশ্চয়ই তিনি তার যোগ্যতা, দক্ষতা, নিষ্ঠা ও কর্মের মাধ্যমে সেই সম্মান অর্জন করেছেন। তিনি একজন শিক্ষক, কিন্তু তার আগে তিনি একজন মানুষ, একজন নারী। তারও একটি মন আছে, আনন্দ আছে, ভালো লাগা আছে এবং নিজের মতো করে বাঁচার অধিকার আছে।”

উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পাল সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

ভিডিওটি ঘিরে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ অব্যাহত রয়েছে। এক পক্ষ যেখানে শিক্ষক হিসেবে সামাজিক দায়িত্বের বিষয়টি সামনে আনছেন, অন্য পক্ষ ব্যক্তিগত স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রশ্ন তুলে বিউটি পালের পাশে দাঁড়িয়েছেন। বিতর্কটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি পেরিয়ে সারাদেশে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

গোপালগঞ্জে ১৪৪ কোটি টাকার চক্ষু হাসপাতালে দুর্নীতির জ্বলন্ত উদাহরণ দেখার কেউ নেই! 

আরও খবর: জাতীয়

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

গোপালগঞ্জে ১৪৪ কোটি টাকার চক্ষু হাসপাতালে দুর্নীতির জ্বলন্ত উদাহরণ দেখার কেউ নেই!