প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় নতুন আইন, জাতীয় কর্মপরিকল্পনা ও ডিজিটাল নজরদারি জোরদার; নিরাপদ অভিবাসনে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ৩০ জুলাই ২০২৬

মানবপাচার, অনলাইন স্ক্যাম এবং প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক অপরাধ চক্রের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে পরিচালিত মানবপাচার ও জোরপূর্বক অপরাধে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অপরাধ নির্মূলে আইনি, প্রযুক্তিগত ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘বিশ্ব মানবপাচার বিরোধী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত “Trapped Behind the Scam: Ending Human Trafficking for Forced Criminality” শীর্ষক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচারের ধরন এখন আর প্রচলিত পদ্ধতিতে সীমাবদ্ধ নেই। অপরাধী চক্রগুলো ভুয়া অনলাইন নিয়োগ বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ-তরুণী ও চাকরিপ্রত্যাশীদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বিদেশে নিয়ে যাচ্ছে। পরে তাদের বিভিন্ন সাইবার স্ক্যাম সেন্টারে আটকে রেখে নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করা হচ্ছে।

তিনি বলেন, এই নতুন ধরনের অপরাধ মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রযুক্তি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। নতুন আইনে অনলাইন স্ক্যাম, প্রযুক্তিনির্ভর প্রতারণা, ভুয়া নিয়োগের মাধ্যমে মানবপাচার এবং জোরপূর্বক অপরাধে সম্পৃক্ত করার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি ‘মানবপাচার প্রতিরোধ ও দমন বিধিমালা, ২০১৭’ যুগোপযোগী করার কাজ চলছে এবং জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০) চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে চলছে।

ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসনের বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যাশনাল রেফারেল মেকানিজম (NRM) আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে মানবপাচারের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার, আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করা যায়। একই সঙ্গে তথ্যভিত্তিক নীতিনির্ধারণ ও কেস ট্র্যাকিংয়ের জন্য একটি আধুনিক ডিজিটাল পাচার প্রতিরোধ তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে।

তিনি গণমাধ্যম, সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি নিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং ভুয়া নিয়োগ চক্র সম্পর্কে জনগণকে সতর্ক করার আহ্বান জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ও জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের সমন্বয়কারী ড. লরা টম বোন্ডে।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী অধিবেশনের পর অনুষ্ঠিত কর্মপর্বে “Trapped behind the Scam: Addressing Trafficking for Forced Criminality, Deceptive Recruitment and Online Exploitation” শীর্ষক প্যানেল আলোচনায় মানবপাচারের নতুন কৌশল, অনলাইন প্রতারণা, নিরাপদ অভিবাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মানবপাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যচিত্র ও পুতুলনাচ পরিবেশিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (UNODC) এবং জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের কাউন্টার ট্রাফিকিং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ যৌথভাবে এই জাতীয় সংলাপের আয়োজন করে।

আরও খবর

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

ব্যক্তিগত সংগ্রাম থেকে ন্যায়ের অঙ্গীকার: আইনজীবী কুমিল্লার কৃতী সন্তান জনাব মো. হাবিবুল হক

আরও খবর: অন্যান্য

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দৈনিক জয়যাত্রার কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন কুমিল্লার কৃতী সন্তান অ্যাডভোকেট মো. হাবিবুল হক

চার গুণীজনকে সম্মাননা, স্মার্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফ আখেরি মোনাজাতে সম্পন্ন – বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর

ব্যক্তিগত সংগ্রাম থেকে ন্যায়ের অঙ্গীকার: আইনজীবী কুমিল্লার কৃতী সন্তান জনাব মো. হাবিবুল হক