ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী, শিবাঙ্গী জোশী

ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর মুখ না খোলা জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী শৈশবে যৌন হেনস্থার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন।সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এর একটি পর্বে এই অতীত স্মৃতি রোমান্থন করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। অভিনেতা রাম কাপুর ও হর্ষদ চোপড়ার উৎসাহে দীর্ঘদিনের এই মানসিক যন্ত্রণা সবার সামনে তুলে ধরার সাহস পান বলে জানান তিনি।

শিবাঙ্গী জানান, শৈশবে পরিবারে তীব্র আর্থিক সংকটের সময় তিনি যখন অভিনয়ে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ‘মামাজি’ বলে ডাকা এক পরিচিত ব্যক্তি গাড়ি চালানো শেখানোর অজুহাতে তাঁর সাথে অশালীন আচরণ করেন। পরবর্তীতে আরেক রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিনয়ে ঘনিষ্ঠ দৃশ্যের দোহাই দিয়ে ওই ব্যক্তি তাকে মানসিকভাবে প্রভাবিত ও জড়িয়ে ধরার চেষ্টা চালান। পরিস্থিতি বুঝতে পেরে শিবাঙ্গী ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করেন।

ঘটনাটি তখন বাবা-মাকে জানালে পরিবার অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তবে শৈশবের এই নির্মম ও তিক্ত ঘটনাটি তাঁকে দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত করে রেখেছিল বলে জানান এই অভিনেত্রী।