পুকুরের মালিকানা নিয়ে বিরোধ, প্রবাসীর পিতা মাতাকে কুপিয়ে জখম ‎

 

‎কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক কাতারপ্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলায় প্রবাসী প্রাণে রক্ষা পেলেও তার বৃদ্ধ বাবা, মা, ভাই ও বোনসহ পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

‎আহতদের মধ্যে জয়নাল আবেদীন (৭৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৭০) গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। ঘটনার পরদিন কাতারপ্রবাসী বিল্লাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, পুকুরের মালিকানা নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে দৈয়ারা গ্রামের শরীফ, হোসেন ও আকতারের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়।

‎হামলার সময় বিল্লাল হোসেনকে লক্ষ্য করে হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে বলে অভিযোগ করা হয়েছে। তবে তিনি কোনোভাবে দোতলার ছাদে উঠে গেট বন্ধ করে আত্মরক্ষা করেন। তাকে না পেয়ে হামলাকারীরা তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

‎হামলায় আহতরা হলেন, জয়নাল আবেদীন (৭৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৭০), কাতারপ্রবাসী বিল্লাল হোসেন, বড় ছেলে বাবুল এবং মেয়ে হাজেরা বেগম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

‎কাতারপ্রবাসী বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, “আমাকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা আমাদের বাড়িতে প্রবেশ করে। আমি কোনো রকমে দোতলার ছাদে উঠে গেট বন্ধ করে নিজেকে রক্ষা করি। আমাকে না পেয়ে তারা আমার বৃদ্ধ বাবা, মা, ভাই ও বোনের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

‎এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।