কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা

 

কুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী সাঁড়াশি অভিযানে এক রাতে ২৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের মধ্যে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৪০ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান চালানো হয়। মহানগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন এলাকাগুলোকে অভিযানের আওতায় আনা হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

কিশোর অপরাধ, মাদক কারবার ও ছিনতাই নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আরও খবর

আরও খবর: কুমিল্লা জেলার খবর

ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা

বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির মাটি-বালু লুটের মহোৎসব, অভিযোগের তির ওয়ার্ড যুবদলের সভাপতি দিকে

আজ্ঞাপুর থেকে মডেল বাকশীমূল ইউনিয়নের স্বপ্ন: চেয়ারম্যান হিসেবে আরিফুল ইসলাম রাব্বিকে দেখতে চান তরুণ প্রজন্ম

প্রবাসের উপার্জনে শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণে অবদান; নিজ এলাকায় কলেজ, গ্রন্থাগার ও জনকল্যাণমূলক উদ্যোগ

নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে ব্রাহ্মণপাড়ায় ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার উদ্যোগ মোশাররফ হোসেন খান চৌধুরীর

কুমিল্লায় সাংবাদিক আলিফ ও সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন, ১৪ বছরের বিচারহীনতায় ক্ষোভ