তরুণদের মাঠমুখী করতে পার্বতীপুরে প্রীতি ফুটবল ম্যাচ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার আহ্বান

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ফকিরের বাজার সংলগ্ন ধনাশীষ সাহেবের মাঠে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে প্রীতি ফুটবল ম্যাচ, জার্সি বিতরণ, ট্রফি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, পার্বতীপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে লাল ও সবুজ—দুই দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লাল দল ১–০ গোলে সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে মোহাম্মদ মারুফ আহমেদ জয়সূচক একমাত্র গোলটি করেন। তাঁর নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ নগদ এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পরে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পার্বতীপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম সুমন। সঞ্চালনা করেন সদস্য মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. মাহফিকুল ইসলাম মাসুম। প্রধান মেহমান ছিলেন পার্বতীপুর উপজেলা কমিটির আহ্বায়ক মো. ওয়াহেদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা কমিটির সদস্যসচিব আলহাজ্ব মো. শওকত আলী।

এ ছাড়া কাজী মহিদুল ইসলাম মাসুদ, মো. আজিজুল ইসলাম, ডা. মো. মনিরুজ্জামান রহমান, মো. নুর নবী পাইকার লিটন, মো. আশরাফুজ্জামান, মোছা. সেলিনা আক্তার ও মো. হাসিনুজ্জামান হাসুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি শিশু-কিশোরদের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার কমিয়ে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠান আয়োজনে সংগঠনের সদস্য আসরাফ হোসেন লিটন, সাহিদুল ইসলাম শোভন, শরিফুর রহমান ও তৌফিকুল হোসেন সার্বিক দায়িত্ব পালন করেন।