কুমিল্লায় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এ কাজে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয় মাঠে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের বিশ্বাস, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ রক্ষার এই বার্তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়বে এবং একটি সবুজ আগামী গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।