নীলফামারীর ডিমলায় সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এই বরাদ্দ ঘোষণা করে বলেন, “আসুন, আমি-আপনি সবাই মিলে এলাকায় সুশাসন প্রতিষ্ঠা করি।”
মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সাত্তার বলেন, “মাদ্রাসার উন্নয়নে যে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এর একটি টাকাও আমাকে বা আমার দলের কাউকে দিতে হবে না। বরাদ্দের পুরো অর্থই প্রতিষ্ঠানের উন্নয়নকাজে ব্যয় করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকাজে সরকারি অর্থের অপচয়, অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই সব কাজ বাস্তবায়ন করতে হবে।”
মাদ্রাসার সার্বিক উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ:
অবকাঠামো উন্নয়ন: টয়লেট মেরামত, উত্তর পাশের ঘর সংস্কার এবং পূর্ব পাশে নির্মাণাধীন ভবনে জানালা স্থাপন।
জমি সম্প্রসারণ: আশপাশের জমি বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠানের জায়গা বাড়ানোর উদ্যোগ।
নতুন ভবন নির্মাণ: প্রতিষ্ঠানটির জন্য একটি চারতলা ভবন নির্মাণের প্রস্তাবনা।
বিগত বরাদ্দের তথ্য: বালাপাড়া এলাকায় ইতিপূর্বে প্রদত্ত ১৯ লাখ টাকার উন্নয়ন বাজেটও সম্পূর্ণ স্বজনপ্রীতি ও ঘুষমুক্তভাবে প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দীর্ঘদিনের দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই প্রতিষ্ঠানের সংকট পর্যায়ক্রমে নিরসন করা হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল মোনায়েমের উদ্বোধনী বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:
অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান (মাদ্রাসার সভাপতি ও আমীর)
জাহিদুল ইসলাম চৌধুরী (চেয়ারম্যান, বালাপাড়া ইউনিয়ন পরিষদ)
অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু (সহকারী সেক্রেটারি, পাগল পাড়া স্কুল অ্যান্ড কলেজ)
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।