কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। এ সময় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। একই দিনে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে আরও ১০ জনকে আটক করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড প্রদান করেন আদালত। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে অফিসার ইনচার্জের নির্দেশনায় কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

‎প্রথম অভিযানে ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়নের শ্রীপুর এলাকায় শাহেদের বাড়ির পশ্চিম পাশে বাউন্ডারির ভেতরে একটি পরিত্যক্ত স্থান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জাকির হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।দ্বিতীয় অভিযানে কু শাসনগাছা এলাকার রেললাইনের পূর্ব পাশে নন্দু মুচির ঘরের সামনের গলি থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মো. মিজানুর রহমান (৪৬) ও মো. রাসেল (৫৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে একই দিনে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিভিন্ন অপরাধে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালত, কুমিল্লার নিকট মোবাইল কোর্ট পরিচালনার জন্য সোপর্দ করা হয়।

‎মোবাইল কোর্টে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একজনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, দুইজনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, ছয়জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।