কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১৪ জনকে ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার এবং মাদক সেবন ও বিভিন্ন অপরাধে আটক ১৯ জনকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের চাঁপাপুর সাকিনস্থ বাখরাবাদ গাউছিয়া ম্যানশন এলাকার বিসমিল্লাহ মেডিক্যাল হলের সামনে থেকে মো. মেহেদী হাসান ওরফে হাছান (৩৬)-কে আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মাদক সেবন ও বিভিন্ন অপরাধের অভিযোগে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালতে আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে তাদের প্রত্যেককে ৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলার ছিনতাইয়ের ঘটনায় তাদের জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের এসব কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।