বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জেবেল রহমান গানির ৫৪তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। ১৯৭২ সালের এই দিনে রাজধানী ঢাকায় এক ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

জেবেল রহমান গানি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক আদর্শের অন্যতম ধারক। তিনি সাবেক সিনিয়র মন্ত্রী ও জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার দৌহিত্র এবং সাবেক মন্ত্রী মরহুম শফিকুল গানি স্বপন ও নাজহাত গানি শাবনম দম্পতির জ্যেষ্ঠ সন্তান।

২০০৯ সালের ২৩ আগস্ট পিতা শফিকুল গানি স্বপনের প্রয়াণের পর জেবেল রহমান গানি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে একই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত দলের জাতীয় কাউন্সিলে তিনি সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর থেকে তিনি নীতি, আদর্শ ও প্রগতির রাজনীতি ধরে রেখে জাতীয় রাজনীতিতে প্রজ্ঞার সাথে ভূমিকা পালন করে আসছেন। নীতিবান ও আদর্শিক রাজনীতিক হিসেবে রাজনৈতিক অঙ্গনে তাঁর আলাদা সুনাম রয়েছে।

ব্যক্তিগত নীতি ও আদর্শগত কারণে তিনি আনুষ্ঠানিকভাবে জমকালো আয়োজনে নিজের জন্মদিন পালন করেন না। তবে তাঁর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় কমিটিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর কাছে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

বিশেষ করে তাঁর পৈতৃক নির্বাচনী এলাকা ডোমার-ডিমলার সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনৈতিক অনুসারী ও যুবসমাজ প্রিয় এই নেতার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভকামনা ও আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন।