মোঃ শাহজাহান বাশার , ঢাকা

আইন অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্মার্ট এক্সিলেন্স অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করেছেন কুমিল্লার সন্তান ও ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এস এম মুজিবুর রহমান তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

স্মার্ট উদ্যোক্তা ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর কাটাবন মোড়ের চিংড়ি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘স্মার্ট উদ্যোক্তা ও ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এবং ‘স্মার্ট এক্সিলেন্স অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড–২০২৬’ প্রদান ছিল আয়োজনের মূল আকর্ষণ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোট চারজনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এস এম মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন উদ্যোক্তা ও সংগঠক কামার আফজা লিজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক—ঢাকা জজকোর্টের আইনজীবী ও নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি; জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাকসুদুল হোসাইন খান মাকসুদ—দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এবং সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি; শিক্ষাবিদ, লেখক ও সমাজ উন্নয়নকর্মী অধ্যাপক রোকেয়া বেগম; স্মার্ট উদ্যোক্তা ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘শখ থেকে শপ’-এর স্বত্বাধিকারী ওবায়দা বেগম; স্টার মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাবরিনা সুইটি এবং স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

আইন পেশায় বিশেষ অবদানের জন্য অ্যাডভোকেট মোঃ হাবিবুল হককে ‘স্মার্ট এক্সিলেন্স অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড–২০২৬’ প্রদান করা হয়। সাবেক বিচারপতি এস এম মুজিবুর রহমান তাঁর হাতে সম্মাননা তুলে দেন। এ স্বীকৃতি আইন অঙ্গনে তাঁর অবদানের প্রতি সম্মান জানানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সম্মাননা গ্রহণের পর অ্যাডভোকেট হাবিবুল হক স্মার্ট উদ্যোক্তা ফোরামের আয়োজকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁকে সম্মানিত করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ভবিষ্যতে সংগঠনটি আরও বিস্তৃত পরিসরে কাজ করবে এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘স্মার্ট উদ্যোক্তা ও ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক আলোচনা সভায় উদ্যোক্তা তৈরির সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রযুক্তিনির্ভর ব্যবসার প্রসার, নতুন উদ্যোগ গ্রহণ এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের গুরুত্বও আলোচনায় উঠে আসে।

আয়োজকদের মতে, উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি দেওয়া, নতুন প্রজন্মকে উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

স্মার্ট উদ্যোক্তা ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি এবং বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার একটি সম্মিলিত প্রয়াস হিসেবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্পনসর ছিল ‘শখ থেকে শপ’।