শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ আয়শা সিদ্দিকা।

উৎসবমুখর পরিবেশে মণ্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সেই সাথে মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে মোছাঃ আয়শা সিদ্দিকা বলেন, “বাংলাদেশ আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠুক আমাদের প্রিয় সম্প্রীতির বাংলাদেশ। শারদীয় দুর্গোৎসবের এই পূণ্যলগ্নে সকলের জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

তিনি আরও বলেন, ডিমলা উপজেলার সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। সকল প্রকার ভেদ-ভেদাভেদ ভুলে হিংসা-বিদ্বেষমুক্ত এক ঐক্যবদ্ধ ও উন্নত ডিমলা গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

এ সময় তাঁর সাথে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মণ্ডপগুলোর উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁর এই উপস্থিতিতে সন্তোষ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।