নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক অভিযানে ২৯ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, চাঁদপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরী, সাদেকুর রহমান, সুমন চন্দ্র দাস ও মিজানুর রহমান। তাদের সঙ্গে অংশ নেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন, এএসআই মো. আলমগীর হোসেন এবং পুলিশের অন্যান্য সদস্য।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. নাঈম (২৮), তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে; মো. রিপন সরদার (৪৫), তার কাছ থেকে ৪ পিস; মো. ইব্রাহিম খলিল (৪২), তার কাছ থেকে ৬ পিস; এবং মো. দুলাল হোসেন (৩২), তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।