আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন চেয়ারম্যান তাঁর রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের সেবা করার সুযোগ পেলে আবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন।
প্রশ্ন: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আপনার পরিকল্পনা কী?
হগমায়ুন কবির চেয়ারম্যান:আল্লাহ যতদিন আমাকে সুস্থ ও বেঁচে রাখবেন, ততদিন জনগণের পাশে থাকতে চাই। মৃত্যু না হলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি।
প্রশ্ন: আপনি কেন মনে করেন দল আপনাকে মনোনয়ন দেবে?
হুমায়ুন কবির চেয়ারম্যান:আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতি করছি। দলের কঠিন সময়ে রাজপথে ছিলাম, নানা প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছি। ব্যক্তিগতভাবে অনেক ত্যাগ স্বীকার করেছি। আমার বিশ্বাস, দল আমার সেই অবদান ও নিষ্ঠাকে মূল্যায়ন করবে এবং দলের নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনায় নেবেন।
প্রশ্ন:যদি দল অন্য কাউকে মনোনয়ন দেয় বা আপনার চেয়ে যোগ্য কোনো প্রার্থী সামনে আসেন?
হুমায়ুন কবির চেয়ারম্যান:রাজনীতি প্রতিযোগিতার পাশাপাশি দায়িত্ব ও মূল্যবোধের জায়গাও। যদি আমার চেয়ে আরও যোগ্য, দক্ষ ও জনসমর্থিত কোনো ব্যক্তি সামনে আসেন এবং সাধারণ মানুষ তাঁকেই অধিক যোগ্য মনে করেন, তাহলে আমি তাঁকে সাদরে গ্রহণ করবো এবং জনগণের সিদ্ধান্তকে সম্মান জানাবো। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলের দুঃসময়ে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, দল অবশ্যই তাঁদের মূল্যায়ন করবে।
প্রশ্ন: নির্বাচিত হলে আপনার অগ্রাধিকার কী হবে?
্হুমায়ুন কবির চেয়ারম্যান: আমার প্রথম অগ্রাধিকার হবে একটি মাদকমুক্ত বাকশীমূল ইউনিয়ন গড়ে তোলা। মাদক আমাদের যুবসমাজ ও পরিবারকে ধ্বংস করছে। তাই দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। প্রতিটি ওয়ার্ডে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন করে জনসচেতনতা বৃদ্ধি করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাদক নির্মূলে কাজ করবো, ইনশাআল্লাহ।
প্রশ্ন:বাকশীমূল ইউনিয়নের মানুষের জন্য আপনার বার্তা কী?
হুমায়ুন কবির চেয়ারম্যান বলেন আমি কখনো ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করিনি। আমার লক্ষ্য সবসময় মানুষের সেবা করা। অতীতেও জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং যুবসমাজের কল্যাণে কাজ করতে চাই। আমি বাকশীমূল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। জনগণের আস্থা ও সহযোগিতা থাকলে একটি নিরাপদ, উন্নত ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।