সুপরিচিত শিল্পী সুনিধি নায়েক এবার দর্শক-শ্রোতাদের কাছে ধরা দিয়েছেন সম্পূর্ণ নতুন রূপে। সম্প্রতি অনলাইন সংগীতায়োজন ‘কোক স্টুডিও বাংলা’য় প্রকাশিত তার গাওয়া ‘পাতার বাঁশরি’ গানটি নতুন করে বিস্ময় জাগিয়েছে অনুরাগী ও সংগীতপ্রেমীদের মনে। গানটিতে সহজ কথা ও সুরে প্রিয়জনের বিরহ আর বিশুদ্ধ প্রেমের আকুলতা সুনিধির অনবদ্য গায়কিতে অসাধারণভাবে ফুটে উঠেছে।

শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে শাস্ত্রীয় সংগীতে পারদর্শী এই শিল্পীর পরিচিতি মূলত ছিল একজন প্রতিষ্ঠিত রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে। অর্ণবের সঙ্গে ‘সন্ধ্যাতারা’ বা মৌলিক অ্যালবাম ‘আড়ালে থেকো’ দিয়ে সংগীতের নানা শাখায় নিজের মেধার সাক্ষ্য দিয়েছেন তিনি। তবে সম্প্রতি সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘রকস্টার’ চলচ্চিত্রে নাম লিখিয়ে অভিনেত্রী হিসেবেও সবাইকে চমকে দেন সুনিধি।

অভিনয়ে আসা প্রসঙ্গে সুনিধি জানান, বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ‘ড্যান্স ড্রামা’ নিয়ে পড়াশোনা করেছেন, যা শিল্পেরই অংশ। জীবনের সীমানায় নিজের সব দক্ষতার রূপায়ণ করতেই পরিচালক আজমান রুশোর আহ্বানে সাড়া দিয়ে ‘রকস্টার’ সিনেমায় কাজ করেছেন। অভিনয় দিয়েই নিজেকে আলোচনায় রেখেছিলেন এতদিন, আর এখন ‘পাতার বাঁশরি’র মাধ্যমে আবারও তার সংগীতে ফেরার অনবদ্য ঝলক পেয়ে মুগ্ধ গোটা সংগীতাঙ্গন।