ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আওয়ারাপন ২’ ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে ছাড়পত্র নিশ্চিত করতে নির্মাতাদের সিনেমায় একাধিক পরিবর্তন আনতে হয়েছে। সেন্সর বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রায় ৪ মিনিটের দৃশ্য বাদ দেওয়া হয় এবং ২০ সেকেন্ডের একটি দৃশ্য প্রতিস্থাপন করা হয়েছে।
সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ছবিটিকে ইউএ১৬+ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। অর্থাৎ, ১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকেরা অভিভাবকদের নির্দেশনায় সিনেমাটি হলে দেখতে পারবেন।
২০২৬ সালের ৫ আগস্ট ইস্যু করা আনুষ্ঠানিক সেন্সর সার্টিফিকেট অনুসারে, সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৪০ মিনিট ২০ সেকেন্ড, যা ২ ঘণ্টা ২০ মিনিট ২০ সেকেন্ডের সমান। ছবিটি ইংরেজি সাবটাইটেলসহ হিন্দি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইমরান হাশমির এই সিক্যুয়েল ঘিরে ভক্তদের আগ্রহ ইতোমধ্যে তুঙ্গে রয়েছে।