উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ৫ আগস্ট রাতে শো শেষ করে বাসায় ফেরার পথে তাকে বহনকারী গাড়িতে একটি দ্রুতগামী পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির বাম পাশ থেকে ডান দিকে ছিটকে পড়েন এবং মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পান। তবে আঘাত গুরুতর না হওয়ায় বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
পরদিন এক ফেসবুক পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, “আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি।” তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় তার গাড়ির ঠিক পেছনেই মেকআপ আর্টিস্ট মোটরসাইকেলে ছিলেন; কয়েক সেকেন্ডের হেরফের বা পিকআপটি সরাসরি দরজায় আঘাত করলে আরও বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।
দুর্ঘটনার পর পিকআপ চালকের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে ক্ষোভ জানান মৌসুমী মৌ। তার মতে, চালক মদ্যপ অবস্থায় ছিল এবং গাড়িটির ব্রেক অকেজো ছিল। পরে পিকআপ মালিক এসে জানান, ওই চালকের গাড়ি চালানোর কথা ছিল না। কোথায় দুর্ঘটনাটি ঘটেছে তা স্পষ্ট না করলেও বেঁচে ফেরায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।