ভালোবাসার মানুষকে দেখলে নারীদের মুখ লাল হয়ে যাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যার বাস্তব প্রমাণ মিলল বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মাঝে। মরক্কোর তারকা ফুটবলার ইয়াসিন বুনুর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে সঞ্চালকের প্রশ্নের মুখে লজ্জায় রাঙা হয়ে ওঠেন তিনি।

সম্প্রতি দুবাইয়ের ভার্জিন রেডিওর ‘দ্য ক্রিস ফেড শো’-তে অতিথি হয়ে এসে এই গুঞ্জন নিয়ে মুখ খোলেন নোরা। সঞ্চালক প্রেম নিয়ে জানতে চাইলে হেসে নোরা বলেন, “সে আমার বন্ধু এবং অসাধারণ একজন মানুষ।” ইয়াসিনকে বিশ্বের সেরা গোলরক্ষক আখ্যা দিয়ে নোরা জানান, তিনি সবসময় ইয়াসিনের সাফল্য উদযাপন করেন। তবে সঞ্চালক যখন বলেন যে তাদের দুজনকে দারুণ মানাবে, তখন নোরার লাজুক ভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। নোরা জানান, তাদের সম্পর্ক বহু পুরোনো হলেও কয়েক মাস আগে নতুন করে আবার যোগাযোগ শুরু হয়েছে।

‘আফ্রিকা কাপ অব নেশনস-২০২৫’ দেখার সময় মরক্কো সফরে এই জুটিকে একসঙ্গে দেখার পর থেকেই প্রেমের গুঞ্জন তীব্র হয়। কাসাব্লাঙ্কাতেও তাদের বেশ কয়েকবার দেখা গেছে। যদিও সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো স্বীকৃতি না দিয়ে নোরা একে শুধুই ‘বন্ধুত্ব’ বলে দাবি করেছেন, তবু তাঁর মুখের লজ্জার হাসি ভক্তদের মনে সন্দেহের অবকাশ রাখেনি।