জনকল্যাণমূলক খাল খনন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী।
গত ৮ আগস্ট (শনিবার) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ৮৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মানজনক এই আয়োজনে রংপুর বিভাগ থেকে নির্বাচিত ৬ জন ইউএনওর মধ্যে স্থান পান ডোমারের উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। তাঁর এই অর্জনকে ডোমারবাসীর জন্য একটি অত্যন্ত গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “দায়িত্ব পালনরত উপজেলা নিজের জন্মস্থান না হলেও সেটি বাংলাদেশেরই একটি অংশ। তাই সেখানে বসবাসকারী মানুষকে নিজের এলাকার মানুষের মতো আপন মনে করে সেবা দিয়ে যেতে হবে।”
বিভিন্ন উপজেলায় খাল খনন প্রকল্পের কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে প্রকল্পের উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ায় উপস্থিত ইউএনওদের বিশেষ প্রশংসা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
ডোমার উপজেলায় দায়িত্ব পালনকালে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার এমন স্বীকৃতি পুরো ডোমারবাসীর জন্য আনন্দের ও গর্বের। স্থানীয়দের প্রত্যাশা— সততা, নিষ্ঠা ও জনবান্ধব মানসিকতা নিয়ে ভবিষ্যতেও ডোমারের মানুষের কল্যাণে একইভাবে কাজ করে যাবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।